হিরোশিমা দিবসে পরমাণু হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল সিপিআই ও সহযোগী সংগঠনগুলি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট || আজ ৬ আগস্ট, হিরোশিমা দিবস। আজ থেকে ঠিক ৮০ বছর আগে, ১৯৪৫ সালের এই দিনেই জাপানের হিরোশিমা শহরের উপর মার্কিন বি-২৯ বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। ভয়াবহ এই হামলায় মুহূর্তেই শহরজুড়ে নেমে আসে মৃত্যুর ছায়া। প্রাণ হারান লক্ষাধিক নিরীহ শিশু, নারী ও পুরুষ। পারমাণবিক যুদ্ধের বিভীষিকা আজও কাঁপিয়ে তোলে বিশ্বমানবতাকে।
এই দিনটির গুরুত্ব উপলব্ধি করে আজ সিপিআই-এর রাজ্য দপ্তর জুনু দাস ভবন-এ যথাযথ মর্যাদায় হিরোশিমা দিবস পালন করা হয়। উদ্যোগ নেয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই), ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW) এবং সারা ভারত শান্তি ও সংহতি সংগঠন (AIPSO)।
অনুষ্ঠানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় মৌনপ্রার্থনা ও আলোচনার মাধ্যমে। পরমাণু যুদ্ধের ভয়াবহতা ও বিশ্ব শান্তির প্রয়োজনীয়তা নিয়ে উঠে আসে গুরুত্বপূ্র্ণ বার্তা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা সুব্রত দেবনাথ, বিক্রমজিৎ সেনগুপ্ত, জাতীয় মহিলা ফেডারেশনের রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি, রাজ্য সম্পাদিকা তথা AIPSO নেত্রী জয়া বিশ্বাস, NFIW সদস্যা জয়ন্তী সরকার, প্রাণবতী দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
আলোচনায় বক্তারা বলেন, হিরোশিমা-নাগাসাকির মর্মান্তিক ইতিহাস আজও বিশ্বের সামনে যুদ্ধবিরোধী এবং মানবিক বোধ জাগ্রত রাখার এক শক্তিশালী প্রতীক। পরমাণু নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আন্তর্জাতিক মহলের আরও উদ্যোগী হওয়া উচিত—এমন বার্তাও উঠে আসে।
প্রতিবছরের মতো এবারও হিরোশিমা দিবস স্মরণ করে বিশ্বশান্তির শপথ নেয় উপস্থিত সকলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*