আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট || মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ রাণীর বাজার ধান চৌমূহনী সংলগ্ন জাতীয় সড়কে একটি বিশাল গাছ ভেঙে পড়ে সম্পূর্ণভাবে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রাণীরবাজার থানার ওসি তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান প্রশাসনকে।
খবর পাওয়ার পরেই জিরানিয়া মহকুমাশাসকের নির্দেশে স্কাউটস অ্যান্ড রোভার্স এবং সদ্য প্রশিক্ষিত যুব আপদা মিত্র (YAM) সদস্যদের নিয়ে একটি কুইক রেসপন্স টিম (QRT) ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে যুক্ত হয় জিরানিয়া মহকুমার বন দপ্তরের একটি দল। এছাড়াও SIPARD-এ প্রশিক্ষণরত আরেকটি যুব আপদা মিত্র কুইক রেসপন্স টিমও ঘটনাস্থলে এসে পৌঁছায়।
পরবর্তীতে জিরানিয়া মহকুমা প্রশাসনের টিম, বনদপ্তর, NHIDCL-এর প্রতিনিধি, রণিরবাজার থানার পুলিশ এবং বিপর্যয় ব্যবস্থাপনা শাখার আধিকারিকদের সমন্বিত প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে রাস্তার ওপর পড়ে থাকা গাছ অপসারণ করা হয়। ফলে কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।
এই সমন্বিত প্রচেষ্টার জন্য স্থানীয় মানুষ প্রশাসন ও সংশ্লিষ্ট সব বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন যেকোনো জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা করা হবে।
