আন্তর্জাতিক ডেস্ক ।। পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কর্তৃপক্ষকে এই আদেশ দিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের প্রতি সম্মান দেখিয়ে এই মাসে মৃত্যুদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।
এর আগে সাত বছর ধরে পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গত ডিসেম্বর মাসে ওই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে আবারো সর্বোচ্চ এই সাজা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়।
পেশোয়ারের একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলার পর সরকার আবারো মৃত্যুদণ্ড কার্যকর করতে শুরু করে। ওই হামলায় স্কুলের শিক্ষক কর্মকর্তাসহ শতাধিক শিশু নিহত হয়।
ডিসেম্বরের পর থেকে পাকিস্তানে ১৭০ জনেরও বেশি লোকের ফাঁসি কার্যকর করা হয়েছে। মানবাধিকার গ্রুপগুলো এই মৃত্যুদণ্ডের জন্যে পাকিস্তানের সমালোচনা করছে।
