গোপাল সিং, খোয়াই, ১০ আগস্ট || ধর্মনগর শহরে রেলগেট সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গুরুতর অসুস্থ এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করল দমকল বাহিনী। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দমকল সূত্রে জানা যায়, আজ, ১০ই আগস্ট, সকাল সাড়ে দশটা নাগাদ তাদের অফিসে খবর আসে যে, রেলগেট সংলগ্ন একটি দোকানের বারান্দায় এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়েই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, ওই ব্যক্তি দোকানের বারান্দায় পড়ে রয়েছেন এবং তাঁর মুখ দিয়ে সমানে ফেনা বের হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অচৈতন্য অবস্থায় থাকায় তাঁর নাম-পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি। তিনি কীভাবে অসুস্থ হয়ে পড়লেন বা তাঁর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে এবং তিনি জ্ঞান ফিরলেই ঘটনার আসল কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
