আন্তর্জাতিক ডেস্ক ।। আফগানিস্তানের হেলমান্ড প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে নারী ও শিশুসহ অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। রোববার এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।
হেলমেন্ড প্রদেশের সরকারি এক মুখপাত্র ওমর ঝাওয়াক বলেন, “শনিবারের মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কিছু নারী ও শিশু হতাহত হয়েছে।”
তিনি আরো জানান, একটি ছোট যাত্রীবাহী গাড়ি প্রদেশটির মারজাহ জেলার মধ্যে দিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তায় পুঁতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়।
তবে এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। কিন্তু এপ্রিল থেকে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বেশকিছু হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠি তালেবান। তাই এই হামলাটিও তালেবান দ্বারা সংঘটিত হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
আফগানিস্তানে এ বছর প্রথম চার মাসেই তালেবান হামলায় নিহত হয়েছে কমপক্ষে এক হাজার বেসামরিক নাগরিক। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
আফগান কর্তৃপক্ষের তালেবানে সাথে ১৩ বছরের দ্বন্দ নিরসেন বেশ কয়েকবার আলোচনায় বসলেও তাতে কোনো সুফল হয়নি। তবে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেয়ায় সে দেশের সেনাদের কঠিন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
গত বছর ডিসেম্বরে আফগানিস্তানে ন্যাটো’র অভিযান শেষ হলেও এখনো ১২হাজার ৫০০ মার্কিন সেনা আফগানিস্তানে স্থানীয় সেনাদের প্রশিক্ষণ ও সহায়তার জন্য রয়ে গেছে।
