গোপাল সিং, খোয়াই, ১৯ আগস্ট || ‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা। তাঁর সাথে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস এবং দলীয় নেতৃত্ব দেবাশীষ নাথশর্মা, অনিমেষ নাগ, চিরন্তন দাস প্রমুখ। বক্তারা মহারাজা বীরবিক্রমকে ‘আধুনিক ত্রিপুরার স্বপ্নদ্রষ্টা’ হিসেবে অভিহিত করে বলেন, তাঁর দূরদর্শী পরিকল্পনাতেই আজকের ত্রিপুরার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। বিমানবন্দর স্থাপন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও নগর পরিকল্পনায় তাঁর অবদান অনস্বীকার্য। ত্রিপুরার ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
