গোপাল সিং, খোয়াই, ১৯ আগস্ট || খোয়াইতে অতিরিক্ত মুনাফার লোভে একাংশ অসাধু ঔষধ ব্যবসায়ী বেআইনিভাবে নেশার কাজে ব্যবহৃত ঔষধ বিক্রি করছেন। এই চক্র ভাঙতে লাগাতার অভিযান জারি থাকবে বলে সাফ জানিয়ে দিলেন খোয়াইয়ের জেলা ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
সম্প্রতি খোয়াইয়ে নেশার ট্যাবলেট সহ কয়েকজন যুবক ধরা পড়ার পর এবং তাদের জবানবন্দিতে নির্দিষ্ট কিছু ঔষধের দোকানের নাম উঠে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তিনি বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ আসছে। আমরা কোনোভাবেই এই অসাধু চক্রকে মাথাচাড়া দিতে দেব না। আমাদের নিয়মিত অভিযান চলবে এবং যদি কোনো দোকানে এই ধরনের অবৈধ কার্যকলাপের প্রমাণ মেলে, তবে আইন অনুযায়ী কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।” শুধুমাত্র ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে নয়, ঔষধের আড়ালে চলা এই ঘৃণ্য কারবার বন্ধ করাও ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার পথে এক অত্যন্ত জরুরি পদক্ষেপ। তবে সাধারন একটা বিষয় নিয়ে পদক্ষেপ নিতে দেরী কেন? নাকি অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে? এই সব প্রশ্নের মধ্যেই জনগণের মধ্যে ক্রমশঃ বাড়ছে ক্ষোভ। সূত্রের খবর, গোটা বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবী জানাতে পারেন খোয়াইয়ের জনসাধারণ।
