আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || ত্রিপুরার কৃষক ও কৃষিজ পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগরতলার হোটেল পোলো টাওয়ার্সে সোমবার অনুষ্ঠিত হলো International Organic Buyer-Seller Meet। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরার সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী অর্গানিক কৃষিপণ্যকে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতেই এই Buyer-Seller Meet-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মোট ১২টি স্টলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন অর্গানিক কৃষিপণ্য প্রদর্শিত হয়।
কুইন পাইনঅ্যাপেল, আদা, হলুদ, কাঁঠাল, মধুসহ ত্রিপুরার বিভিন্ন উৎকৃষ্ট কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। এর মাধ্যমে স্থানীয় কৃষক, উৎপাদক ও উদ্যোক্তাদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ত্রিপুরার অর্গানিক মধুর প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রপ্তানির ফ্ল্যাগ-অফ। এই রপ্তানিকে ত্রিপুরার কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেন কৃষিমন্ত্রী।
রতন লাল নাথ বলেন, এটি শুধু একটি রপ্তানি নয়, বরং ত্রিপুরার কৃষক, উৎপাদক ও উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারের দরজা আরও প্রসারিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যের মাটিতে উৎপাদিত উৎকৃষ্ট কৃষিপণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি নতুন বাজার ও আয়ের সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য। আজকের Buyer-Seller Meet সেই বৃহত্তর লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কৃষিমন্ত্রীর বক্তব্য, “ত্রিপুরার কৃষকই আমাদের শক্তি, আর তাঁদের উৎপাদিত পণ্যই হোক বিশ্ববাজারে ত্রিপুরার নতুন পরিচয়।”
