গোপাল সিং, খোয়াই, ৩০ আগস্ট || খোয়াইয়ে পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে লক্ষাধিক টাকার বিদেশি মদ বোঝাই একটি অটো আটক করা হয়েছে। যদিও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
খোয়াই থানার ভারপ্রাপ্ত ওসি কৃষ্ণধন সরকার জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, একটি অটোতে (নম্বর: TR06 63461) করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই খোয়াই থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা একযোগে অভিযানে নামে।পরে অটোতে তল্লাশি চালিয়ে পুলিশ লক্ষাধিক টাকার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল উদ্ধার করে।
ওসি কৃষ্ণধন সরকার সংবাদমাধ্যমকে আরও জানান, বাজেয়াপ্ত করা মদ এবং অটোটিকে খোয়াই থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক চালক ও গাড়ির মালিককে চিহ্নিত করে তাদের ধরতে তদন্ত শুরু হয়েছে। এই পাচার চক্রের সাথে আর কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
