গোপাল সিং, খোয়াই, ০৩ সেপ্টেম্বর || আগরতলা শহরের বুকে হৃদয়বিদারক এক ঘটনার সাক্ষী রইলেন সাধারণ মানুষ। মাতাল অবস্থায় রাস্তায় নিজের সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছিলেন এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা ও শিশুকে উদ্ধার করেন। পরে তাদের তুলে দেওয়া হয় এনসিসি থানার পুলিশের হাতে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানান, তাঁর বাড়ি খোয়াই সোনাতলা এলাকায়। উনার স্বামীর নাম অসীম পাল বলে দাবী করছেন। তিনি আইজিএম এলাকায় ভাড়া থাকেন বলেও দাবী করছেন। তবে নেশাগ্রস্ত অবস্থায় থাকায় মহিলার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গেছে। শিশুটিকে আপাতত নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, মাতৃত্বের দায়িত্ব ভুলে এভাবে সন্তানের জীবন বিপন্ন করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে মহিলার প্রকৃত পরিচয় ও পরিবারের বিষয়ে।
