শিক্ষকের অভাব ও বই সংকট দূরীকরণের দাবিতে খোয়াইতে এসএফআই’র ডেপুটেশন

গোপাল সিং, খোয়াই, ০৪ সেপ্টেম্বর || “আমরা শিক্ষক চাই, পড়তে চাই, সুন্দর সমাজ গড়তে চাই”— এই মূল স্লোগানকে সামনে রেখে ছাত্রসমাজের ভবিষ্যৎ ঘিরে একগুচ্ছ ন্যায্য দাবি উত্থাপন করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর খোয়াই বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরে তারা ডেপুটেশন জমা দিয়ে জেলার বিভিন্ন বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, পাঠ্যপুস্তকের অভাব এবং বিদ্যালয় চত্বরে নেশার রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপের দাবি জানায়।
ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, জেলার একাধিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নেই। এর ফলে পাঠদানে গুরুতর বিঘ্ন ঘটছে এবং ছাত্রছাত্রীরা বাধ্য হচ্ছে শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে। শুধু তাই নয়, আগামী ৭–৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হলেও এখনও পর্যন্ত নির্ধারিত পাঠ্যপুস্তক হাতে পৌঁছায়নি বহু শিক্ষার্থীর। ফলে পড়াশোনায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। এসএফআই দাবি জানিয়েছে, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করতে হবে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএফআই খোয়াই বিভাগের সম্পাদক সাগর পাল, সভাপতি সৌরভ দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব ও বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সৌরভ শীল। তাদের দাবি, শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ অপরিহার্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*