কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা, ১০ লক্ষ টাকার চেক ও জমির নথি তুলে দিল রাজ্য সরকার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম উজ্জ্বল করা অস্মিতা দে-কে সংবর্ধনা জানাল ত্রিপুরা সরকার। বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁর অসামান্য কৃতিত্বকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অস্মিতার সাফল্যের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর এই অভাবনীয় সাফল্যকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত জমির নথি এবং ১০ লক্ষ টাকার চেক তুলে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক স্তরে অস্মিতা দে-র এই কৃতিত্ব শুধু ত্রিপুরার জন্যই গর্বের বিষয় নয়, মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রেও এটি একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ। তাঁর সাফল্য আগামী প্রজন্মের তরুণ-তরুণীদের খেলাধুলায় এগিয়ে আসতে উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট দীপা কর্মকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, অস্মিতা দে-র স্বর্ণজয় ত্রিপুরার ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত। তাঁর কথায়, এই সাফল্যের পিছনে রয়েছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং লক্ষ্যের প্রতি অটুট নিষ্ঠা। অস্মিতার অর্জন রাজ্যের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
আগামী দিনে অস্মিতা আরও সাফল্য অর্জন করে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করবেন—এই প্রত্যাশা ব্যক্ত করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত সকলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*