ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্টে সাফল্য শান্তিরবাজার জেলা হাসপাতালের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অবস্থিত জেলা হাসপাতাল চিকিৎসার গুণগত মান ও পরিষেবা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার মধ্যেই এবার ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্টে ভালো ফলাফল অর্জন করল শান্তিরবাজার জেলা হাসপাতাল।
জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার গুণগত মান, পরিকাঠামো এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম যাচাই করতে কেন্দ্রীয় স্তরের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট টিম হাসপাতালে আসে। প্রতিনিধি দলটি দুই দিন ধরে হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো ও পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখে।
হাসপাতালের মোট ১৪টি বিভাগে গুণগত মান যাচাই করা হয়। পরিদর্শন শেষে হাসপাতালের পরিষেবা ও গুণগত মানে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালকে ভালো ফলাফলের সার্টিফিকেট প্রদান করা হয়।
এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ জেলার সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় আগামী দিনে শান্তিরবাজার জেলা হাসপাতালের পরিষেবা আরও উন্নত হবে।
বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে সন্ধ্যাকালীন ওপিডি পরিষেবাও চালু রয়েছে। রোগীদের যাতে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যেতে না হয় এবং অপ্রয়োজনীয় রেফারের সংখ্যা কমিয়ে আনা যায়, সেই লক্ষ্যেও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হাসপাতালের চিকিৎসকরা রোগীদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক মানোন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্টে এই সাফল্য আগামী দিনে হাসপাতালের পরিষেবা আরও শক্তিশালী করার ক্ষেত্রে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শান্তিরবাজার জেলা হাসপাতালের এই সাফল্যের কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (এমএস)। তাঁর বক্তব্যে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার কথাই উঠে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*