গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || কৈলাসহর পুর পরিষদ প্রাঙ্গণে বিজেপি’র ধিক্কার সভা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণের মঞ্চে পরিণত হয়। সভায় মূল বক্তা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বিরোধী দলনেতার সম্পত্তি ও বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি। “শ্রমিক নেতা হয়ে কীভাবে পাঁচটি জমি, সাতটি ব্যাংকে পনেরোটি অ্যাকাউন্ট তৈরি হলো? আগে নিজের বিদেশ ভ্রমণের হিসাব দিন, তারপর অন্যের সমালোচনা করুন”—সোজাসাপ্টা প্রশ্ন মন্ত্রীর। তিনি আরও যোগ করেন—“অন্যের সম্পত্তি কেনার অভিযোগ তুলছেন, অথচ নিজের সম্পত্তির পাহাড় লুকোচ্ছেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলনেতার মূল কাজ।” বিজেপি নেতৃত্বের দাবি, মানুষ আজ বুঝে গেছে জিতেন্দ্র চৌধুরীর “অপপ্রচার”। তাঁদের মতে—“উন্নয়নই সঠিক জবাব।”
