সুব্রত দাস, গন্ডাছড়া, ১৪ সেপ্টেম্বর || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ী থানাধীন নারকেলকুঞ্জে টিটিএএডিসি মৎস্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা এবং মৎস্যজীবিদের মধ্যে নৌকা বিতরণ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা রিয়াং দেব্বর্মা, ইএম রাজেশ ত্রিপুরা, গন্ডাছড়া সাব-জোনাল চেয়ারম্যান হিরণ্ময় ত্রিপুরা, ধলাই জোন চেয়ারম্যান প্রেমলাল মলসুম, আইএএস মোসলেম উদ্দীন, গন্ডাছড়া মৎস্য খামারের সুপার মদন ত্রিপুরা সহ অন্যান্যরা। যদিও উদ্বোধক হিসাবে বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব্বর্মনের উপস্থিত থাকার কথা ছিল, তিনি উপস্থিত না থাকায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইএম রাজেশ ত্রিপুরা।
উদ্বোধনী ভাষণে ইএম রাজেশ ত্রিপুরা জানান, ডুম্বুর জলাশয়ের ২০০ জন মৎস্যজীবির হাতে নৌকা তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করতে পারেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, আগামী দিনে মৎস্যজীবি, শ্রমজীবি সহ সকল জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে টিটিএএডিসি প্রশাসন বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। এছাড়া নারকেলকুঞ্জকে আধুনিকভাবে সাজানোর উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অতিথিরা ডুম্বুর জলাশয়ের তীরে দাঁড়িয়ে মৎস্যজীবিদের হাতে নৌকা তুলে দেন। এরপর শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা, যেখানে আটটি বিভাগে প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে যথাক্রমে ১ লক্ষ, ৭০ হাজার এবং ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।
দিনভর এই আয়োজনকে ঘিরে নারকেলকুঞ্জে ছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা, যা স্থানীয় মানুষকে এক উৎসবমুখর পরিবেশ উপহার দেয়।
