তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ, মহকুমা আধিকারিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট || তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে মহকুমা তথ্য আধিকারিক মিঠুন দত্তের বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, সুচতুর কৌশলে একদিকে তিনি দপ্তরকে হাসির খোরাকে পরিণত করছেন, অন্যদিকে বাঁকা পথে ব্যক্তিগত স্বার্থে সরকারি অর্থের অপব্যবহার করছেন।
স্থানীয় সাংস্কৃতিক মহল সূত্রে জানা যায়, বিগত রাজ্য ভিত্তিক ধামাইল উৎসবের সময় থেকেই মিঠুন দত্তের কার্যকলাপে তেলিয়ামুড়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। সম্প্রতি ক্যালেন্ডার কর্মসূচি উপলক্ষে দীনদয়াল উপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তেলিয়ামুড়া ও কল্যাণপুরে পৃথকভাবে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত কবি নজরুল বিদ্যাভবনে জোড়াতালি দিয়ে একটি অনুষ্ঠান করে দায় সেরেছেন আধিকারিক।
অভিযোগ, অনুষ্ঠানের জন্য ৬০ হাজার টাকার বাজেট ধরা হলেও কার্যত মাত্র ১০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। বাকি অর্থ আত্মসাৎ হয়েছে বলে গুঞ্জন। পাশাপাশি, কখনো কল্যাণপুরের বিধায়ককে আবার কখনো তেলিয়ামুড়ার বিধায়ককে ভুল বুঝিয়ে নিজের স্বার্থসিদ্ধি করছেন বলেও অভিযোগ সাংস্কৃতিক মহলের।
এই পরিস্থিতিতে স্থানীয় সংস্কৃতি কর্মীদের একাংশের বক্তব্য, যেখানে রাজ্যের তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রায়ই সাংস্কৃতিক বিকাশের কথা বলছেন, সেখানে দপ্তরের এক আধিকারিকের এমন কর্মকাণ্ড গোটা মহকুমার সংস্কৃতি চর্চাকে প্রশ্নের মুখে ফেলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*