গোপাল সিং, খোয়াই, ০৭ অক্টোবর || খোয়াই শহরের সুভাষপার্ক এলাকায় অবস্থিত সিপিআই(এম)’র আঞ্চলিক অফিসে দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে, আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ। সিপিআই(এম) নেতা কানন দত্ত অভিযোগ করে জানান, একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী পার্টি অফিসের দরজা ভাঙার চেষ্টা চালায়, যদিও তারা ভিতরে প্রবেশ করতে ব্যর্থ হয়। এরপর অফিসের বাইরে থাকা কিছু চেয়ার ও আসবাবপত্র ভেঙে রাস্তায় ফেলে রেখে যায়।
ঘটনার পর সোমবার সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল কমিটির পক্ষ থেকে খোয়াই থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। কানন দত্তের স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনায় পার্টির একাধিক পোস্টার ও সাইনবোর্ডও নষ্ট করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিপিআই(এম)-এর পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলা হয়েছে। ইতিমধ্যেই খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
