
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর || রাজ্যে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল পরিবেশ। ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘণ্টার ত্রিপুরা বনধের জেরে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও পিকেটিং। আগরতলার উত্তর গেট এলাকায় জাতীয় পতাকা হাতে নিয়ে চলছে পিকেটিং। বিক্ষোভে যোগ দিয়েছেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মাও। দেখা গেছে, উত্তেজিত কর্মীরা টায়ার জ্বালিয়ে বনধের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছেন।
সূত্রের খবর, রাজ্যের অন্তত ৪৫টি স্থানে বৃহস্পতিবার সকাল থেকে চলছে এই পিকেটিং। রাজধানী ছাড়াও বড়মুড়া পাহাড়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা পথ অবরোধে সামিল হয়েছেন। এমনকি, কিছু এলাকায় যাত্রীবাহী ট্রেনও থামিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সিভিল সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ, জনজাতি অধিকার, এবং প্রশাসনিক অবহেলাসহ একাধিক বিষয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকেই ত্রিপুরার নানা প্রান্তে দোকানপাট বন্ধ, রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ। আগরতলা শহরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
বনধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও, সিভিল সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে— তাদের আন্দোলন গণতান্ত্রিক ও জনগণের স্বার্থরক্ষার জন্যই।
