আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || তিপ্রা মথা বিধায়ক ও প্রাক্তন এটিটিএফ প্রধান রঞ্জিত দেববর্মার বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে ফের জোর বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর, এটিটিএফ সংগঠনের প্রধান থাকাকালীন অধিকাংশ সময় তিনি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থান করতেন। সেখানেই ছিল তার মূল ঘাঁটি, এমনকি পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ওপারেই বসবাস করতেন বলে জানা গেছে।
অভিযোগ, সেই সময় রঞ্জিত দেববর্মা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে ভারত-বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তার বাংলাদেশি ভোটার পরিচয়পত্র ও জন্মসনদের ছবি ভাইরাল হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে এ বিষয়ে প্রাক্তন বৈরী নেতা রঞ্জিত দেববর্মা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। বিভিন্ন মহল থেকে তার গ্রেফতারের দাবি উঠেছে। যদিও ভাইরাল হওয়া ওই ভোটার কার্ড ও জন্মসনদের ছবির সত্যতা ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ স্বাধীনভাবে যাচাই করেনি।
