মুঙ্গিয়াকামীতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি’তে যোগ দিল ৬,৪৮০ ভোটার

গোপাল সিং, খোয়াই, ২৪ অক্টোবর || শুক্রবার কৃষ্ণপুর মণ্ডলের মুঙ্গিয়াকামী এলাকায় অনুষ্ঠিত হয় এক বিশাল মেগা যোগদান সভা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, এবং জেলা সভাপতি বিনয় দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে ৬,৪৮০ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান দলের শীর্ষ নেতারা।
সভায় মুখ্যমন্ত্রী বলেন, “যত বেশি আঘাত করবে বিরোধীরা, ভারতীয় জনতা পার্টি তত বেশি শক্তি নিয়ে এগিয়ে যাবে। মুঙ্গিয়াকামীর জনজাতি ভাইবোনদের আমি প্রণাম জানাই, কারণ তাঁরা সমস্ত বাধা উপেক্ষা করে উন্নয়নের রাজনীতি বেছে নিয়েছেন।” তিনি আরও বলেন, “আজ ৬,৪৮০ ভোটার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে ত্রিপুরার অগ্রগতির পথে নতুন অধ্যায়ের সূচনা করলেন।”
বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, “জনজাতি সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে। কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত প্রচেষ্টায় আজ পাহাড়ি ও সমতল—উভয় অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছেন।”
সভাস্থলে জনজাতি জনগোষ্ঠীর উপচে পড়া ভিড় স্পষ্ট করে দিয়েছে, মানুষ এখন সংঘাত নয়, চায় উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি। মুঙ্গিয়াকামীতে তিপ্রা মথা দল থেকে বিজেপিতে যোগ দেওয়া হাজারো মানুষের এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*