কমলপুর-শান্তিরবাজারের ঘটনায় মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা, দোষীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || কমলপুর মহকুমার শান্তিরবাজারে সিভিল সোসাইটির ডাকা বনধকে কেন্দ্র করে সংঘটিত হিংসাত্মক ঘটনায় গুরুতরভাবে আহতদের দেখতে শুক্রবার আগরতলার জিবি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ড একেবারেই বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, আগামী দিনে তাদের রাজ্যে কোনো অস্তিত্ব থাকবে না।”
উল্লেখ্য, সিভিল সোসাইটির ডাকা বনধ চলাকালীন ধলাই জেলার কমলপুরের সালেমা এলাকায় তিপ্রা মথা-সমর্থিত দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন সালেমার বিডিও, আরডি দপ্তরের এক ইঞ্জিনিয়ার এবং এক স্থানীয় ব্যবসায়ী। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কমলপুর হাসপাতাল থেকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার রাতে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশ আধিকারিকরা।
রাজ্যের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*