বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ নভেম্বর || বিদ্যালয়ের পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হল বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের দেয়ালে এসএফআই-এর নামে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীদের দ্বারা বিভিন্ন লেখনি লিখে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ের শান্ত পরিবেশ নষ্টের অভিযোগ তুলে তারা বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাসের নিকট এক লিখিত ডেপুটেশন প্রদান করে দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানায়।
অন্যদিকে, একই দাবিতে অভিভাবক ও জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান কেশব চৌধুরী থানায় উপস্থিত হয়ে ওসির সঙ্গে এক আলোচনাসভায় মিলিত হন। তিনি দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, বাইখোড়া থানার মাত্র অল্প দূরত্বে অবস্থিত বিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, থানার ওসি প্রায়ই রাতে আগরতলায় নিজ বাসভবনে চলে যান, যার সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। ফলে এলাকায় চুরি-ডাকাতি সহ অপরাধমূলক কাজ বেড়ে চলেছে।
এখন দেখার বিষয়, বিদ্যালয়ের পরিবেশ নষ্টের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বাইখোড়া থানার পুলিশ কতটা দ্রুত পদক্ষেপ নিতে পারে।
