গোপাল সিং, খোয়াই, ১৩ নভেম্বর || ধলাই জেলার মানিক ভাণ্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সম্পন্ন হলো নতুন পাকা ও আধুনিক সুবিধাসম্পন্ন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের সূচনার মাধ্যমে জেলার শিক্ষার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্ন দাস পাল, ধলাই জেলা শাসক, কমলপুর মহকুমা শাসক এবং শিক্ষা দপ্তরসহ অন্যান্য বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী ও সহস্রাধিক ছাত্রছাত্রী। মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
১৪ কোটি টাকার ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই আধুনিক ভবনে থাকবে উন্নত শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, স্যানিটেশন সুবিধা এবং ডিজিটাল শিক্ষার উপযুক্ত পরিকাঠামো। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী এদিন আরও দুটি নতুন প্রকল্পের শিলান্যাস এবং ২০টি প্রকল্পের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর বক্তৃতায় বলেন, “আমাদের সরকার শহর নয়, গ্রামের দিকেও সমান নজর দিচ্ছে। ধলাই জেলার মতো তুলনামূলকভাবে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নই আমাদের অগ্রাধিকার। প্রতিটি শিশুর হাতে আমরা সুযোগের আলো পৌঁছে দিতে চাই।”
তিনি আরও বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি। তাই আমরা চাই, প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও যেন আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।”
অনুষ্ঠানের পরিবেশ ছিল আনন্দঘন ও উৎসবমুখর। স্থানীয় মানুষ, প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেন। তাঁদের মতে, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষা মান ও অবকাঠামোগত সুবিধা আরও উন্নত হবে, যা এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখবে।
কমলপুর মহকুমায় হরচন্দ্র বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নয়, বরং পুরো জেলার শিক্ষাক্ষেত্রে নতুন আশার বার্তা নিয়ে এলো। সরকারের এই উদ্যোগে ধলাই জেলার শিক্ষা ব্যবস্থায় যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, তা বলাই বাহুল্য।
