বাংলাদেশ, ১৭ নভেম্বর || জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে অ্যাপ্রুভার হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করে। ৪৫৩ পৃষ্ঠার রায়ে পাঁচটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়।
মামলায় মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ১৭ই অক্টোবর মিসকেস হিসেবে শুরু হয়ে ৩৯৭ দিন পর রায় ঘোষণা হলো এ মামলার। বিচার চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়।
রায় ঘোষণার পর উত্তেজনায় ফেটে পড়ে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। চারদিক ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। টানটান উত্তেজনার মধ্যে সবার নজর এখন জাতির প্রতিক্রিয়ার দিকে।
