আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং পশ্চিম জেলার উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো ইউনিটি মার্চ। আগরতলা সার্কিট হাউস এলাকা থেকে এই ইউনিটি মার্চের শুভসূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল–কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
মুখ্যমন্ত্রী এদিন জানান, সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ‘সর্দার@১৫০ ইউনিটি মার্চ’-এর সূচনা করা হয়েছে। তাঁর মতে, সর্দার প্যাটেলের ঐক্য, শক্তি ও জাতি গঠনের অবদান দেশবাসীর কাছে এক অনন্য প্রেরণা।
মুখ্যমন্ত্রী বলেন, সর্দার প্যাটেলের অমর অবদানকে স্মরণ করেই এই ইউনিটি মার্চের আয়োজন করা হয়েছে, যা নতুন প্রজন্মকে জাতীয় ঐক্য ও সংহতির বার্তা পৌঁছে দেবে।
