ঠিকাদারের গাফিলতিতে নাজেহাল সাধারণ মানুষ, রাস্তা অবরোধ বীরগঞ্জের উত্তরপাড়ায়

আপডেট প্রতিনিধি, অমরপুর, ১৭ ডিসেম্বর || ব্রিজ নির্মাণে ঠিকাদারের খামখেয়ালির জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যাতায়াতের অসহনীয় যন্ত্রণায় বাধ্য হয়ে রাস্তা অবরোধে নামলেন অমরপুর বীরগঞ্জ এলাকার উত্তরপাড়ার গ্রামবাসীরা। বুধবার সরবং–অমরপুর রাস্তার ইন্দিরা ক্লাব সংলগ্ন এলাকায় বীরগঞ্জ পঞ্চায়েতের উত্তরপাড়ার বাসিন্দারা এই অবরোধ কর্মসূচিতে সামিল হন।
স্থানীয়দের অভিযোগ, উত্তরপাড়া যাওয়ার মূল রাস্তায় পাগলছড়ার উপর নির্মীয়মান পাকা বক্স কালভার্টের কাজ দীর্ঘদিন ধরে শামুক গতিতে চলছে। ফলে প্রতিদিন চলাচলে চরম সমস্যায় পড়তে হচ্ছে ওই পাড়ার প্রায় ৪২টি পরিবারকে। আশ্চর্যের বিষয়, প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত বক্স কালভার্টটির কাজ সম্পূর্ণ করে যান চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাজের দায়িত্বে থাকা আইও ইন্দ্রনীল মজুমদার এবং অমরপুরের এসডিও রাজিব দেবনাথ। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন।
প্রশাসনের পক্ষ থেকে আগামী আড়াই মাসের মধ্যে অর্ধসমাপ্ত বক্স কালভার্টের কাজ সম্পূর্ণ করে যান চলাচলের উপযোগী করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তবে প্রতিশ্রুতি রক্ষা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*