সুব্রত দাস, গন্ডাছড়া, ২০ ডিসেম্বর || রাজ্যের আসন্ন রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে রাইমাভ্যালিতে শক্তি প্রদর্শন করল তিপ্রা মথা। শনিবার দুপুরে গণ্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়ায় তিপ্রা মথা দলের উদ্যোগে এক বিশাল প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান আকর্ষণ ছিলেন দলের প্রতিষ্ঠাতা তথা ‘ববগ্রা’ প্রদ্যোৎ কিশোর দেববর্মন।
তিপ্রা মথার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদিনের সভায় এলাকার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৩৮৯টি পরিবারের মোট ১,১২৬ জন ভোটার তিপ্রা মথায় যোগদান করেন। নতুন সদস্যদের হাতে দলের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন ও দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, এই গণযোগদান রাইমাভ্যালি এলাকায় তিপ্রা মথার সংগঠনকে আরও শক্তিশালী করবে।
জনসভায় প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসি-র নির্বাহী সদস্য (EM) রাজেশ ত্রিপুরা, স্থানীয় বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, মথার ব্লক সভাপতি ধনঞ্জয় ত্রিপুরাসহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিপরাসা জনগোষ্ঠীর ঐক্য এবং সাংবিধানিক অধিকারের লড়াইয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মানুষের ক্রমবর্ধমান সমর্থন প্রমাণ করে যে তিপরাসা জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে মন্ত্রী বৃষকেতু দেববর্মা ও বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
শনিবারের এই জনসভাকে কেন্দ্র করে জগবন্ধু পাড়া এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাইমাভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক মিছিল করে সমাবেশস্থলে পৌঁছান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাওমনু ও গণ্ডাছড়া সংলগ্ন এলাকায় এই যোগদান বিরোধী শিবিরগুলির জন্য বড়সড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
