সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর || ত্রিপুরা রাজ্য মৎসজীবি ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন শুক্রবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই তেলিয়ামুড়া শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সম্মেলনের সূচনার আগে টাউন হল প্রাঙ্গণ থেকে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়।
এই প্রকাশ্য সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মৎসজীবি ইউনিয়নের রাজ্য নেতৃত্ব সুধন দাস, রতন ভৌমিক, মনিন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাস নাথসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
সমাবেশ শেষে টাউন হলের ভিতরে সম্মেলনের মূল অধিবেশন শুরু হয়। অধিবেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎসজীবি ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে মৎসজীবীদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
