নারিকেল কুঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নৌকা থেকে জলে পড়ে নিখোঁজ নাবালক

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৪ জানুয়ারি || গন্ডাছড়া পর্যটন কেন্দ্রের নারিকেল কুঞ্জে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। নৌকা ভ্রমণের সময় আচমকাই জলে পড়ে নিখোঁজ হয়ে যায় এক নাবালক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রবিবার রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু আগে পর্যটন কেন্দ্রের জলাশয়ে নৌকা করে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ওই নাবালক জলে পড়ে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত তৎপরতা দেখা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পৌঁছালেও রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ চালানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সোমবার সকালে এনডিআরএফ (NDRF) দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় তল্লাশি অভিযান শুরু হবে।
এখনও পর্যন্ত নিখোঁজ নাবালকের নাম ও পরিচয় জানা যায়নি। মর্মান্তিক এই ঘটনায় নারিকেল কুঞ্জ এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*