সুব্রত দাস, গন্ডাছড়া, ০৪ জানুয়ারি || ধর্মীয় সংহতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে রবিবার গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো বিশাল হিন্দু মালাইমা সম্মেলন। এদিনের সম্মেলনে এলাকার বিভিন্ন জাতি ও জনজাতি সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন জাতি ও জনজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা। বর্ণিল পোশাক, সাবেকি বাদ্যযন্ত্রের তালে শিল্পীরা তাঁদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সূচনালগ্নে বিশ্বশান্তির কামনায় শাস্ত্রীয় নিয়ম মেনে যজ্ঞের আয়োজন করা হয়। জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই যজ্ঞে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতি ও জনজাতিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং সনাতন সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। এদিন বিদ্যালয় মাঠটি বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও যজ্ঞের পর ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। জাতি ও জনজাতিদের অভূতপূর্ব ঐক্যবদ্ধ উপস্থিতিতে সম্মেলনটি এক অনন্য মাত্রা লাভ করে। ধর্মীয় আলোচনার মধ্য দিয়েই এদিনের এই বর্ণাঢ্য সম্মেলনের সমাপ্তি ঘটে।
