আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি || চরম শীত ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ্যের সমস্ত বিদ্যালয় আগামী কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ৬ই জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি, ২০২৬ পর্যন্ত রাজ্যের সকল সরকারি, সরকার-পোষিত ও বেসরকারিভাবে পরিচালিত স্কুল বন্ধ থাকবে।
বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্কুলগামী শিশুদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে এবং আবহাওয়ার উন্নতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
