গোপাল সিং, খোয়াই, ০৭ জানুয়ারি || খোয়াইয়ের গ্লোবাল কলেজিয়েট স্কুলে বুধবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন আয়োজন ও শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারপার্সন নিবাস সাহা, পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় নাথশর্মা, ক্রীড়া শিক্ষক অজয় ভট্টাচার্য্য, স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিভা সোম সহ বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে দেবাশীষ নাথশর্মা বলেন, গ্লোবাল কলেজিয়েট স্কুল খোয়াইয়ের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, এই বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায়ও বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, খোয়াই পুর এলাকায় তিনটি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নীত হয়েছে এবং ধাপে ধাপে তাদের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশনা সবার নজর কেড়ে নেয় এবং গোটা প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।
