আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি || সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে বর্ণমালা প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বই প্রকাশ অনুষ্ঠান ২০২৬। অনুষ্ঠানে বাংলা ও ককবরক ভাষায় রচিত মোট ১৬টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশক চন্দ্রশেখর বসাক জানান, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে ধারণ করেই এ বছরের প্রকাশনা পরিকল্পনা সাজানো হয়েছে।
এবার প্রকাশিত উল্লেখযোগ্য বাংলা গ্রন্থগুলির মধ্যে রয়েছে—
ড. নির্মল দাস রচিত ‘বিবিধ আঙ্গিকে লোকসংস্কৃতি পাঠ’,
শাশ্বতী চৌধুরীর ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য অবলম্বনে নারী শিক্ষা ও মূল্যবোধের উপাদান’,
রণিতা নাথের ‘মানুষ হোক পৃথিবীর সম্পদ’,
অমিত কুমার নাথের ‘প্রিয়তমা চেকমেট’ এবং ‘কিশোর গল্পের ঝুড়ি (৪র্থ খণ্ড)’,
‘অভীককুমার দে কবিতা সমগ্র (দ্বিতীয় খণ্ড)’,
জহর দেবনাথের গল্প সংকলন ‘দিশেহারা’,
এবং জয়ন্ত ভট্টাচার্যের ‘ও ভারী নয় ও আমার ভাই’।
এছাড়াও ককবরক ও ইংরেজি ভাষায় প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য—
Ashit Debbarma রচিত PHANTOK POKOK ও Kokborok Hayung,
Madhusudan Debbarma-র HATWNG CHOLONG, KHAPANG KHILIO, Nini Bagwi ও ISRI SENGTHUNGMA,
Amit Kumar Nath-এর Cherairokni kothoma Bwchap (অনুবাদ: মধুসূদন দেববর্মা),
এবং Pranjib Sarker-এর ইংরেজি গ্রন্থ The Tale Of Women।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, বিকাশ দেববর্মা, অভীককুমার দে, মনোরঞ্জন দেববর্মা ও ড. শান্তনু ভট্টাচার্য। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জয়ন্ত ভট্টাচার্য।
বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা ও ককবরক—উভয় ভাষার সাহিত্যচর্চাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্ণমালা প্রকাশনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন প্রকাশিত এই গ্রন্থগুলি পাঠকমহলে সাহিত্যচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।
