আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি || জাতীয় সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে ১ জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত আগরতলায় এক মাসব্যাপী সড়ক সুরক্ষা অভিযান শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনায় পণ্য ও প্রাণহানি রোধ, ভুল প্রান্তে গাড়ি চালানোর প্রবণতা বন্ধ এবং অকালে মৃত্যু প্রতিরোধই এই অভিযানের মূল লক্ষ্য।
এই কর্মসূচির মাধ্যমে পথচারীদের অগ্রাধিকার দেওয়া, যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং “রাস্তায় সবার জন্য সড়ক নিরাপত্তা—সবার দায়িত্ব” এই বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে একটি বিশেষ সচেতনতামূলক যানবাহনের সূচনা করা হয় নগর ট্রাফিক এসপি অফিস প্রাঙ্গণ থেকে। আগামী এক মাস ধরে এই গাড়িটি আগরতলার বিভিন্ন এলাকায় ঘুরে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বার্তা প্রচার করবে।
ট্রাফিক ডিএসপি দীপক দাস জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি। তাই এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হবে।
প্রশাসনের আশা, এই একমাসব্যাপী সড়ক সুরক্ষা অভিযানের ফলে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে এবং শহরের সড়ক চলাচল আরও নিরাপদ হবে।
