আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি || বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও আগরতলার চিলড্রেন পার্কে আয়োজন করা হচ্ছে ১১তম ইউনিভার্সাল এক্সপো এক্সিবিশন। আগামী ৯ই জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২৬শে জানুয়ারি পর্যন্ত।
বুধবার চিলড্রেন পার্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এক্সপো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক সংস্থা ইউনিভার্সাল এডভার্টাইসমেন্ট ও অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন-এর প্রতিনিধিরা। সম্মেলনে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, ইউনিভার্সাল এডভার্টাইসমেন্ট-এর অন্যতম ডিরেক্টর রাজ চৌধুরী সহ অন্যান্য কার্যকর্তারা।
জানানো হয়, এবারের এক্সপোতে ২২০টিরও বেশি স্টল থাকবে। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি থাইল্যান্ড, আফগানিস্তান, তুরস্ক, দুবাই, ইরান ও শ্রীলঙ্কা থেকেও অংশগ্রহণকারী স্টল আসবে। প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের আশা, অন্যান্য বছরের মতো এবারেও এই এক্সপোতে বিপুল সাড়া মিলবে। সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তাঁরা।
উল্লেখ্য, অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক প্রয়াত চানমোহন সাহাই প্রথম এই এক্সপো মেলার সূচনা করেছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর এক্সপোর সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হবে প্রয়াত চানমোহন সাহার নামে।
