আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || আগরতলা জিআরপিএস কেস নং ১০৪/২০২৫ অনুযায়ী NDPS Act-এর ২১(সি)/২৯ ধারায় বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ ১,০৭,৫৪৮ বোতল এসকফ কফ সিরাপ বুধবার ধ্বংস করা হয়েছে। ত্রিপুরা হাই-লেভেল ড্রাগস ডিসপোজাল কমিটি (HLDDC)-র সরাসরি তত্ত্বাবধানে এই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন হয়।
আগরতলার বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে নির্ধারিত স্থানে সম্পূর্ণ আইনগত ও পরিবেশগত বিধিনিষেধ মেনে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, ধ্বংস প্রক্রিয়ার প্রতিটি ধাপ কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে সম্পন্ন করা হয়েছে, যাতে কোনওভাবেই মাদকদ্রব্য অপব্যবহারের সম্ভাবনা না থাকে।
উল্লেখ্য, এসকফ কফ সিরাপের অপব্যবহার রোধে এবং মাদক চক্রের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
