আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। বুধবার যোগেন্দ্রনগর রেল স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা সহ বিহারের দুই যুবককে আটক করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার একটি দল যোগেন্দ্রনগর রেল স্টেশনে নজরদারি চালাচ্ছিল। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদকটি কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় পাচারের পরিকল্পনা ছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মাদক বিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
