আপডেট প্রতিনিধি, আন্দামান, ২৯ অক্টোবর || ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার দুপুরে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যাম্বু ফ্ল্যাট থেকে প্রায় ২১৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল কম্পনের কেন্দ্রস্থল।
মাঝারি মাত্রার এই ভূমিকম্পের জেরে দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ফলে কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
প্রাকৃতিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্গত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়। গত কয়েক মাসেও ওই অঞ্চলে একাধিক মৃদু কম্পনের ঘটনা ঘটেছে। চলতি বছরে ফেব্রুয়ারির পর এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্পের মাত্রা ৪-এর গণ্ডি ছাড়াল। এর আগে গত ২ ফেব্রুয়ারি ওই অঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
এদিকে, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন। প্রয়োজন দেখা দিলে যাতে দ্রুত উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করা যায়, সে জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
ভূমিকম্পের পর পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

