আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || আগামী ২৩শে জানুয়ারি বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হতে চলেছে স্কুল–কলেজের ছাত্রছাত্রীরা। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে বাজার। ছোট, মাঝারি ও বড়—সব আকারের সরস্বতী মূর্তি বাজারে এলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর পুজোর খরচ বেড়েছে চোখে পড়ার মতো।
ব্যবসায়ীদের দাবি, এ বছর একই দিনে ২৩শে জানুয়ারি সরস্বতী পুজো পড়ায় কাঁচামাল থেকে শুরু করে পরিবহণ খরচ বেড়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে মূর্তির দামে। মূর্তি প্রস্তুতকারকদের কথায়, মাটি, রং, খড়, কাঠামো ও শ্রমিকের মজুরি—সবকিছুর দামই বেড়েছে। ফলে বাধ্য হয়েই মূর্তির মূল্য বাড়াতে হয়েছে।
শুধু মূর্তি নয়, পুজোর আনুষঙ্গিক সামগ্রী—ফল, ফুল, প্রসাদ, খাতা-কলম, সাজসজ্জার উপকরণ—সবকিছুর দামেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ফল ব্যবসায়ীদের মতে, চাহিদা বেড়েছে কিন্তু জোগান সেই অনুপাতে না থাকায় দাম বাড়ছে। পুজোর মুখে এই মূল্যবৃদ্ধিতে চিন্তিত অভিভাবক মহল।
অন্যদিকে, ছাত্রছাত্রীদের অনেকেই বলছে, পুজোর আনন্দ বজায় থাকলেও বাড়তি খরচ সামলানো এখন বড় চ্যালেঞ্জ। তবুও বিদ্যার দেবীর আরাধনায় কোনও ত্রুটি রাখতে নারাজ তারা। সব মিলিয়ে সরস্বতী পুজোকে ঘিরে উৎসাহের পাশাপাশি বাজারের মূল্যবৃদ্ধি এবার স্পষ্টভাবেই প্রভাব ফেলেছে সাধারণ মানুষের উপর।
