গোপাল সিং, খোয়াই, ২৪ জানুয়ারি || কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও শ্রমের চাপ কমাতে কল্যাণপুর কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হলো। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কল্যাণপুর এলাকার ৫০ জন কৃষকের হাতে আধুনিক কৃষিযন্ত্রাংশ হিসেবে মিনি পাওয়ার ট্রাক্টর ও স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভার বিধায়ক পিণাকী দাস চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ আরও সহজ, সময় সাশ্রয়ী ও লাভজনক হবে। কৃষকদের পরিশ্রম কমিয়ে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।
বিধায়ক আরও বলেন, রাজ্য সরকার ও কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে। গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে কৃষকদের প্রযুক্তিনির্ভর করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকরা স্বনির্ভর হবেন এবং কৃষি ক্ষেত্র আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় কৃষকদের মধ্যে এই কর্মসূচি নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁদের মতে, আধুনিক যন্ত্রাংশ হাতে পাওয়ায় কৃষিকাজে সময় ও খরচ দুইই কমবে, যা ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
