আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী || গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। উদয়পুরের এগ্রিকালচার চৌমুনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ভারী ট্রাক সরাসরি একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। সেই সময় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন সবিতা সাহা নামে এক বৃদ্ধা। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছুটে আসা স্থানীয়রা দেখেন, একটি বিশালাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে নেমে একটি বাড়ির ওপর আছড়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বাড়ির সদস্য সবিতা সাহা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর, রাধাকিশোরপুর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)। উদ্ধারকাজে তদারকি করতে উপস্থিত হন মহকুমা শাসক ত্রিদীপ সরকার। পরে এনডিআরএফ (NDRF) ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর ঘাতক ট্রাকের নিচ থেকে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, “রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে একটি বাড়ির ওপর পড়ে যায়। দুর্ভাগ্যবশত একজন মহিলা ট্রাকের নিচে আটকে পড়েছিলেন। ট্রাকটি অত্যন্ত ভারী হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সময় লাগে। চালক পলাতক, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি আটক করেছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
