আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || গত বছরের দীপাবলিতে প্রকাশিত ভক্তিমূলক গান ‘ত্রিপুরা সুন্দরী মা’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। গানটির প্রতি মানুষের ভালোবাসা, আবেগ ও ভক্তি থেকে অনুপ্রাণিত হয়ে এবার নতুন ভক্তিমূলক মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে চলেছেন অনির্বাণ ভৌমিক ও তাঁর টিম। আসন্ন দীপাবলিকে সামনে রেখে প্রকাশিত হতে চলেছে তাঁদের নতুন গান ‘শ্যাম সুন্দরী শ্যামা’।
নির্মাতাদের মতে, ‘ত্রিপুরা সুন্দরী মা’ প্রকাশের পর থেকে আজও দর্শকদের কাছ থেকে নিয়মিত ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ পেয়ে চলেছেন তাঁরা। দর্শকদের অসংখ্য কমেন্ট, ভিউ এবং ইতিবাচক প্রতিক্রিয়া তাঁদের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছিল। এই সাফল্য ও মানুষের আবেগকে সঙ্গী করেই এবারের দীপাবলিতে মা কালীর চরণে নতুন একটি নিবেদন তুলে ধরার পরিকল্পনা করেন তাঁরা।
সেই পরিকল্পনার বাস্তবায়ন হিসেবেই প্রায় ২৩ মাসের দীর্ঘ পরিকল্পনা, ভাবনা, প্রস্তুতি ও পরিশ্রমের পর সম্পন্ন হয়েছে ‘শ্যাম সুন্দরী শ্যামা’-র শুটিং। বর্তমানে গানটি এডিটিং, কালার গ্রেডিং, ভিএফএক্স (VFX) এবং পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এই দীপাবলিতেই দর্শকদের সামনে আসবে নতুন মিউজিক ভিডিওটি।
এই প্রযোজনার পরিচালনা ও চিত্রনাট্য তথা গল্প ভাবনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভৌমিক। প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন Astro Pritam Nath ও Gayatri Kashyap। সিনেমাটোগ্রাফি, এডিটিং ও ভিএফএক্সের দায়িত্ব সামলাচ্ছেন আদর্শ রায়। মেকআপের দায়িত্বে রয়েছেন লক্ষ্মী দেবনাথ (Laxmi’s Makeover)।
গানটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তাপস ধর। গানটির কম্পোজার ও কণ্ঠশিল্পী কিশান দাস। গানের কথা লিখেছেন রণজিৎ চক্রবর্তী ও কিশান দাস। সংগীতের মিক্সিং ও মাস্টারিং করেছেন তাপস ধর। এছাড়া গানের শেষাংশের ভয়েসওভারে রয়েছেন শ্রিদ্ধি বন্দ্যোপাধ্যায় ও শর্বাণী চক্রবর্তী (বন্দ্যোপাধ্যায়)।
প্রোডাকশন ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন অম্লানজিৎ নেওগী ও বিশ্বজিৎ দাস। গ্রাফিক্সের কাজ সামলাচ্ছেন সৌরভ রায় (Sr Editz)।
মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভৌমিক, জেনিভা দাস, শুভব্রত চক্রবর্তী, অনুষ্কা রায়, রেখা দে চৌধুরী, রজত দে, দীপ গোস্বামী, আদিত্রী চৌধুরী, নবারুণ চক্রবর্তী, উৎপল দে, সাগর রক্ষিত, বিশ্বজিৎ দাস, অম্লানজিৎ নেওগী, বিটু মজুমদার ও অরুণাভ দত্ত।
নির্মাতাদের বক্তব্য, ‘শ্যাম সুন্দরী শ্যামা’ শুধুমাত্র একটি মিউজিক ভিডিও নয়; বরং এটি তাঁদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এবং গত বছরের গানকে ঘিরে দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। একটি সৃষ্টির পেছনে বহু মানুষের সম্মিলিত শ্রম, নিষ্ঠা ও ভালোবাসা থাকে। এই নতুন প্রযোজনাতেও প্রত্যেকের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ।
গত বছর ‘ত্রিপুরা সুন্দরী মা’-কে দর্শকরা যেভাবে আপন করে নিয়েছিলেন, এবারও ‘শ্যাম সুন্দরী শ্যামা’ সেই ভালোবাসা ও আশীর্বাদ পাবে বলে আশাবাদী নির্মাতারা। সব মিলিয়ে আসন্ন দীপাবলিতে নতুন এই ভক্তিমূলক গান দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সকলে।
