আপডেট প্রতিনিধি, ধর্মনগর, ০৯ অক্টোবর || দুর্গোৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মহালয়ার প্রাক্কালে ধর্মনগরে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে ধর্মনগর লাইভ, সোম ফাউন্ডেশন ও ত্রিনাথ সেবা সমিতির যৌথ উদ্যোগে প্রায় ২০০টি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আলগাপুর ত্রিনাথ মন্দির সেবা সমিতির প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন আগরতলার বিশিষ্ট সমাজসেবী তথা সোম ফাউন্ডেশনের চেয়ারপার্সন অভিজিৎ দাস। দুর্গোৎসবের আগে সমাজের অসচ্ছল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসবের আনন্দে সামিল করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোম ফাউন্ডেশনের সদস্য-সদস্যারা, ধর্মনগর লাইভের কর্ণধার নবজিৎ দাস ও শুভজিৎ ঘোষ, ত্রিনাথ সেবা সমিতির কর্তৃপক্ষ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামপ্রধান শঙ্করী মালাকার, প্রাক্তন উপপ্রধান নমিতা কর, মেম্বার নিপেন্দ্র দেবনাথ, নমিতা পাল ও বিভা চাষা-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি।
আলগাপুরের পাশাপাশি ধর্মনগর থানা রোড, কালীবাড়ি রোড, বিবিআই রোড এবং ধর্মনগর হাসপাতাল সংলগ্ন এলাকাতেও অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ফলে এই উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার মানুষের কাছে দুর্গোৎসবের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
উৎসবের মরশুমে নতুন পোশাক কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। সেই বাস্তবতাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে নতুন বস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলির মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। প্রথমবার আয়োজিত এই উদ্যোগে স্থানীয় মানুষের কাছ থেকেও সাড়া পাওয়া যায়।
উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই যে তার প্রকৃত সার্থকতা, ধর্মনগরের এই বস্ত্র বিতরণ কর্মসূচি সেই বার্তাই তুলে ধরেছে। দুর্গোৎসবের প্রাক্কালে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ার এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
