বারবিল হাইস্কুলের প্রাতঃ বিভাগে চরম শিক্ষক সংকট, তালাবদ্ধ স্কুলে ডেপুটেশন দিতে গিয়ে ক্ষোভ এসএফআই ও এলাকাবাসীর

গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী || ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বারবিল হাইস্কুলের প্রাতঃ বিভাগে চলতে থাকা চরম শিক্ষক স্বল্পতা দূরীকরণের দাবিতে ডেপুটেশন কর্মসূচিতে চরম অনিয়ম ও অব্যবস্থার চিত্র সামনে এসেছে। মঙ্গলবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিটে ডেপুটেশন দিতে গিয়ে সংগঠনের সদস্যরা বিদ্যালয়ের প্রবেশদ্বারে তালা ঝুলতে দেখতে পান।
পরবর্তীতে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়টি নিয়মিত খোলা হয় না বলে অভিযোগ। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪৬ জন হলেও মাত্র একজন শিক্ষিকার মাধ্যমে কোনোরকমভাবে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই শিক্ষিকাও প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। ফলে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এসএফআই নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষার মান ভেঙে পড়েছে। নিয়মিত ক্লাস না হওয়া, স্কুল খোলা না থাকা এবং একক শিক্ষিকার উপর পুরো বিভাগের দায়িত্ব পড়ায় ছাত্রছাত্রীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, নিয়মিত স্কুল খোলা নিশ্চিত করা এবং প্রাতঃ বিভাগের সার্বিক ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। এসএফআই নেতৃবৃন্দ জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।
এদিকে অভিভাবক ও এলাকাবাসীরাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, শিক্ষা দপ্তরের নজরদারির অভাবে গ্রামের স্কুলের পড়াশোনা কার্যত ভেঙে পড়ছে। দ্রুত হস্তক্ষেপ করে বারবিল হাইস্কুলের প্রাতঃ বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*