আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || আগরতলা পুর নিগমের অধীন এলাকায় হেল্পলাইনের সঙ্গে যুক্ত ১১২ নম্বর জরুরি পরিষেবার গাড়ি চালকদের মধ্যে অসন্তোষের সুর উঠে এসেছে। জানা গেছে, পুর নিগম এলাকায় বর্তমানে মোট ১২টি ১১২ নম্বর গাড়ি সক্রিয় রয়েছে। তবে এসব গাড়ির রক্ষণাবেক্ষণ ও দৈনন্দিন পরিচালনার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ চালকদের।
চালকদের বক্তব্য, নিয়মিত মেরামত, জ্বালানি সরবরাহ, যান্ত্রিক ত্রুটি ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে জরুরি পরিষেবা দিতে গিয়ে তারা নানা বাধার মুখে পড়ছেন। এতে সময়মতো ঘটনাস্থলে পৌঁছনো এবং পরিষেবার মান বজায় রাখা কঠিন হয়ে উঠছে।
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যবস্থায় প্রয়োজনীয় উন্নতি আনা হোক। না হলে ভবিষ্যতে জরুরি পরিষেবার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ১১২ নম্বর গাড়ি চালকরা।
