আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || রাজ্যের বিভিন্ন সমস্যা ও তার উত্তরণের উপায় নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে মঙ্গলবার টাস্ক মনিটরিং সিস্টেমের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ের ২ নম্বর কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ৮টি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ আধিকারিকরা ভার্চুয়ালি অংশ নেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী ফিল্ড অফিসারদের নিয়মিত মাঠ পর্যায়ে গিয়ে কাজের তদারকির উপর জোর দেন। তিনি বলেন, এতে জনগণ সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও বেশি করে পাবেন। ‘আমার পোর্টাল’-এ প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য জেলাশাসক ও আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
ফুটপাথ থেকে উচ্ছেদ হওয়া অবৈধ ব্যবসায়ীরা যেন পুনরায় দখল নিতে না পারেন, সে বিষয়ে আগরতলা পুরনিগমকে বিশেষ নজরদারি ও ডেডিকেটেড টিম গঠনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি জল জীবন মিশনের কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করা, নিয়মিত পানীয় জল সরবরাহ এবং শহরের আবর্জনা রাতের সময় পরিষ্কারের নির্দেশ দেন।
পরিবেশ দূষণ রোধ, ডিজে ব্যবহারে নিয়ন্ত্রণ, অবৈধ বালি উত্তোলন বন্ধ, বেইলি ব্রিজের পরিবর্তে কংক্রিট ব্রিজ নির্মাণ, অন্ধকারাচ্ছন্ন এলাকায় আলোর ব্যবস্থা, রেশনশপে গ্রাহক পরিষেবা উন্নত করা এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে বিএসএফ ও পুলিশের সমন্বয় জোরদারের উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও শহরের যানজট সমস্যার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী টাস্ক মনিটরিং সিস্টেমের সামগ্রিক চিত্র তুলে ধরেন।
