আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী || দীর্ঘ বিরতির পর ফের চালু হচ্ছে আগরতলা–কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে রাজ্যবাসী আবার বাসে করে সরাসরি কলকাতায় যাতায়াত করতে পারবেন। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পদত্যাগের পর বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে স্থায়ী সরকার গঠনের প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার হচ্ছে বলে জানা গেছে।
ত্রিপুরা সড়ক পরিবহন নিগম (টিআরটিসি)-র ভাইস চেয়ারম্যান সমর রায় জানান, পরিষেবা শুরুর আগে পরীক্ষামূলকভাবে বাস চালিয়ে প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। সবকিছু সন্তোষজনক হওয়ায় ২৪ ফেব্রুয়ারি থেকে নিয়মিত পরিষেবা চালু হবে।
সূত্রের খবর, প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার আগরতলা থেকে বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আর সোম, বুধ ও শনিবার কলকাতা থেকে বাস আগরতলায় আসবে। দীর্ঘদিন পর পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে বলেই মনে করা হয়।
