গৌরনগর আরডি ব্লক পরিদর্শনে সাংসদ কৃতি সিং দেববর্মন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

গোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী || ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের অন্তর্গত গৌরনগর আরডি ব্লক পরিদর্শনে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মন। সোমবার দুপুর প্রায় ২টা নাগাদ তিনি গৌরনগর ব্লক কার্যালয়ে পৌঁছালে গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নমঃ এবং ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ফুলের তোড়া দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরবর্তীতে ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতির হলঘরে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন সাংসদ। বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে সাংসদ কৃতি সিং দেববর্মন জানান, মূলত চলমান উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে এবং ভবিষ্যতে কী কী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, এখনও কিছু কাজ বকেয়া রয়েছে এবং চলতি বছরে বাজেট বৃদ্ধি পেলে সেই কাজগুলি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে এলাকার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, সফরসূচির অংশ হিসেবে কয়েকটি বিদ্যালয়ও পরিদর্শন করেছেন। বিদ্যালয় ভবনের নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগোলেও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি উল্লেখ করেন। সেই লক্ষ্যেই তিনি সরেজমিন পরিদর্শনে এসেছেন বলে জানান সাংসদ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*