বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ ফেব্রুয়ারী || পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারা রাজ্যজুড়ে বিভিন্ন থানায় নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে বিভিন্ন থানার কার্যক্রমের ভিত্তিতে বাছাই করে পুরস্কৃত করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শান্তিরবাজার থানার উদ্যোগে এক বর্ণাঢ্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। শান্তিরবাজার থানা থেকে শুরু হয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, মনপাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাস, শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার এসআই সমীর বিশ্বাস, জোলাইবাড়ি ফাঁড়ি থানার ওসি খোকন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও বাইখোড়া থানা, মনপাথর ফাঁড়ি থানা, জোলাইবাড়ি ফাঁড়ি থানা ও দেবদারু ফাঁড়ি থানার আরক্ষা দপ্তরের কর্মীরা এই প্রতিযোগিতায় অংশ নেন।
আরক্ষা দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় বহু যুবকও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা এবং শারীরিক সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি করা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।
সার্বিকভাবে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
