খোয়াইয়ে হেরোইন মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত! ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা

গোপাল সিং, খোয়াই, ১৩ মার্চ || মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পেল খোয়াই জেলা পুলিশ। হেরোইন পাচার মামলায় এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার খোয়াই জেলার বিশেষ এনডিপিএস আদালত-এর বিচারক এই রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত ব্যক্তির নাম সৌমিত্র কর্মকার। তাঁর বাড়ি ধলাই জেলার কমলপুর থানাধীন লালছড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ধলাবিল এলাকায় একটি গাড়ি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে প্লাস্টিকের কৌটার মধ্যে লুকিয়ে রাখা প্রায় ৬৬ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় খোয়াই থানায় মামলা নং ৭৫/২০২৩ রুজু করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এই মামলার তদন্ত করেন তৎকালীন সাব-ইন্সপেক্টর রঞ্জিত সরকার, যিনি বর্তমানে সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি হিসেবে কর্মরত। দীর্ঘ তদন্ত ও আদালতে শক্তিশালী সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের ভিত্তিতেই অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়।
খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায় মাদকবিরোধী লড়াইয়ে পুলিশের ধারাবাহিক প্রচেষ্টা ও পেশাদারিত্বের প্রতিফলন। “নেশামুক্ত ত্রিপুরা” গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*